লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত,
- ০৪:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 2
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৬ নম্বর জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে মাদককে ‘না’ বলার প্রত্যয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সচেতন মহলসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যাম খালাসী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারভেজ মোল্লা। সভায় ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ এলাকায় মাদকের বিস্তার রোধ ও তা নিয়ন্ত্রণে বিভিন্ন গঠনমূলক আলোচনা করেন। বক্তব্যকালে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম বলেন, মাদক নির্মূলে প্রত্যেক গ্রামে একটি করে কমিটি গঠন করা প্রয়োজন। কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ এলাকায় কঠোর নজরদারি রাখবেন এবং কোথায় কী অনিয়ম হচ্ছে, তা প্রতি মাসের মাসিক মিটিংয়ে রিপোর্টের মাধ্যমে দাখিল করবেন।
তিনি আরও আশ্বাস দেন যে, ন্যূনতম তিনজন সাক্ষীসহ নির্দিষ্ট অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে প্রশাসনের সাথে আলোচনা করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই সামাজিক আন্দোলনকে বেগবান করতে মাদকবিরোধী কমিটির মাসিক মিটিংয়ের যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।


















