রায়শ্রীতে ফিল্মী স্টাইলে সড়কে নারীর ওপর হামলা: প্রধান আসামি সাইদ গ্রেফতার মৌলভীবাজার রায়শ্রী এলাকায় প্রকাশ্য সড়কে ছিনতাই,
- ০৬:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 3
মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রীতে এক দম্পতির ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এ ঘটনায় প্রধান আসামি সাইদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মৌলভীবাজার থেকে একটি পিকআপযোগে কুলাউড়া নিজ বাড়িতে ফিরছিলেন মোঃ আকবর মিয়া। পিকআপটি রায়শ্রী স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা একটি প্রাইভেটকার নিয়ে এসে পথরোধ করে এবং তারা পিকআপ থেকে দম্পতিকে নামিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় আকবর মিয়াকে রক্ষা করতে গেলে তার স্ত্রীও হামলার শিকার হন। হামলায় আকবর মিয়া গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের বালা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আকবর মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে রায়শ্রী গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে সাইদ মিয়া (৩৫)-কে ১ নম্বর আসামি এবং একই গ্রামের খোয়াজ মিয়ার ছেলে সজ্জাদ মিয়া (৩৪)-কে ২ নম্বর আসামি করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি সাইদ মিয়াকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


















