মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: শিবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করল ৫৯ বিজিবি,
- ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 4
সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপের একটি বড় চালান জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
২১ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি ৬৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করে টহল দল। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এমন কড়া অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















