বিরামপুরে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,বিপুল পরিমাণ মাদক উদ্ধার
- ০৫:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 2
মাহাবুবা ইয়াসমিন সম্পা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরামপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, চোলাইমদ এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় অবস্থিত বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আসমান আলী (৫২)-কে ১,০১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বাড়ি থেকে মারিয়া সরেন (৫০)-কে ১০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ১৬ জুন রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর উপজেলার পাবনা হোটেলের পেছনে অভিযান চালিয়ে মোঃ তাজমল হোসেন (৪৬), মোছাঃ লাইলী বেগম (৩৭) এবং মোঃ সবুজ (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন , গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ১,০৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ এবং ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩টি মাদক মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















