বগুড়ায় করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা,সরঞ্জাম নষ্ট
- ০১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 19
বগুড়ার মোকামতলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে একটি ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালিবপুর এলাকা সংলগ্ন করতোয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জিয়াউর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা কেটে পড়ে। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, ড্রেজার মেশিনসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয় এবং তা সাথে সাথেই ভেঙে নষ্ট করে দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী রক্ষা ও পরিবেশ ভারসাম্য বজায় রাখতে একই অভিযানের অংশ হিসেবে স্থানীয় পাকুরতলা বাজারের একটি সারের ডিলারের গুদামে মজুত পরিস্থিতি যাচাই করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও নদীর ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন এবং বাজারে অসাধু ব্যবসা পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















