ফুলবাড়িয়ায় শিক্ষকের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত,
- ১২:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে কেন্দ্র করে এক
শিক্ষকের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ। এই মানববন্ধনে হামলার প্রতিবাদে বিচারের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও একাত্বতা প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষক মো. মোশারফ হোসেনের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত পাঠদান অব্যাহত রাখা এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ
খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, জমিদাতা শফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, হাছেন আলি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন তরফদার মেঃ শরিফ ।


















