ফুলবাড়িয়ায় লটারির মাধ্যমে ৩৩ শত কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ ,
- ০৬:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মু.কামরুল হাসান মিলন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন।এত স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি ছিদ্দিক, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুল মজিদ, কৃষক জুয়েল রানা, উপজেলা ডিকেআইবির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।
প্রধান অতিথি মুহাম্মদ কামরুল হাসান এমপি বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান সংগ্রহ ব্যবস্থায় বাস্তবসম্মত পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, একজন ক্ষুদ্র কৃষকের পক্ষে এক টন ধান সরবরাহ করা সম্ভব নয়। তাই অল্প পরিমাণ ধানও যাতে সরকারি ক্রয় কর্মসূচির আওতায় নেওয়া যায়, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার।
তিনি আরও বলেন, প্রতি মণ ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পাবেন এবং এতে প্রান্তিক কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ হাজার কৃষকের আবেদনের পরিপ্রেক্ষিতে লটারির মাধ্যমে ৩৩শত কৃষককে প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সভা শেষে উপজেলার নির্বাচিত প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


















