পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান জেলা প্রশাসনের
- ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 1
পঞ্চগড় জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ অবস্থায় গুজব, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্যের প্রভাবে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কেনা বা মজুত করলে বাজারে সাময়িক সংকট সৃষ্টি হতে পারে, যা জনস্বার্থের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে জ্বালানি তেলের মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে, যাতে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় থাকে।
এতে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি কিংবা বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো ধরনের অসাধু কার্যকলাপে জড়িত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সর্বসাধারণকে গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার এবং শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয়ের মাধ্যমে স্বাভাবিক বাজার ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।


















