দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ, পঞ্চগড়ে যুবক হত্যা মামলায় গ্রেফতার ২,
- ০৫:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 2
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘি থেকে উদ্ধার হওয়া মানিক হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের বড় বোন (২৪) ও একই এলাকার শাহাবুদ্দিন (৪৯)কে গ্রেফতার করা হয়েছে। নিহতের বড় বোন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিক তার বড় বোনকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করতেন এবং গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত নির্যাতন চালাতেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিশোধের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করিয়ে মানিককে অচেতন করা হয়। পরে তার কোমরে পলিথিনে মোড়ানো একটি চিরকুট গুঁজে দেওয়া হয়। এরপর সহযোগী শাহাবুদ্দিন তাকে হত্যা করে মরদেহ মহারাজার দিঘিতে ফেলে দেন বলে দাবি পুলিশের।
ডিবি পুলিশের তদন্তে উদ্ধার হওয়া চিরকুটের লেখার সঙ্গে নিহতের বড় বোনের শয়নকক্ষ থেকে উদ্ধার করা একটি ক্যালেন্ডারের লেখার মিল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন বলেন, “তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিনের জোরপূর্বক শারীরিক নির্যাতনের ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”


















