এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ,আইনি ব্যবস্থার দাবি
- ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 2
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
তাদের দাবি, মঙ্গলবার দুপুরে ‘টেম্পুস্ট্যান্ড’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি এআই-নির্মিত ছবির সঙ্গে এক নারীর ছবি যুক্ত করে একটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। পরে তা বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। একই পেজ থেকে প্রতিমন্ত্রীকে নিয়ে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর পোস্টও করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা আরও দাবি করেন, সম্প্রতি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে আলোচিত একটি বিষয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।
এ সময় তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


















