পঞ্চগড়ে বিআরটিসি বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১
- ০৩:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 7

পঞ্চগড়ের বোদা উপজেলায় এশিয়ান হাইওয়েতে বিআরটিসি বাস ও মিথীলা অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিয়াউদ্দিন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস সামনে থাকা অটোভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে চলে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা মিথীলা অটোভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিআরটিসি বাস ও মিথীলা অটোভ্যানটি বোদা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং বাস ও ভ্যানটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বোদা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বাস ও ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তি বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















