দেবীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন
- ০৮:৪৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 13

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টায় দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এ জেলা অডিশন অনুষ্ঠিত হয়।
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ।
এছাড়াও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজ শিক্ষার্থীদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই জেলা পর্যায়ে এ অডিশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং কুরআন শিক্ষার প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রতিযোগিতাকে ঘিরে দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী, মুহতামিম, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।











