খেলতে খেলতে পুকুরে পড়ে প্রাণ গেল ৭ বছরের ওসমানের
- ০৬:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 3
পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনী একই এলাকার সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা আদালতের কাজে পঞ্চগড়ে যান। এ সময় তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ওসমান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির বাইরে বের হয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একসময় বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


















