ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি-ডিসি মোঃসাইফুর রহমান,
- ০৫:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 2
শনিবার (২৭ জুন) ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাঁচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” পরিচালিত হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোঁপঝাড় পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন থেকে এক বার্তায় জানানো হয়, ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় হাতিয়ার।


















