লোহাগড়ায় দরিদ্র ভ্যান চালকের গরু চুরি করে নিয়ে জবাই করেছে দূবৃত্তরা,চামড়া উদ্ধার
- ০১:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 2
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে একজন দরিদ্র ভ্যান চালকের বাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে গরুটি জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভ্যান চালকের স্ত্রী গৃহবধূ স্বপ্না বেগম।
অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করলেও চুরি যাওয়া গরুটির কোন সন্ধান এবং চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারে নাই পুলিশ। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য এক লক্ষ ২৫ হাজার টাকা।
অভিযোগ সূত্রে জানা গেছে , বাঁকা গ্রামের জিয়ার শেখ ও তার স্ত্রী স্বপ্না বেগমের পরিবার কৃষি ও গরু পালনের ওপর নির্ভরশীল। এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি ছাই রঙের দেশি জাতের ষাঁড় গরু লালন-পালন করে আসছে।
গত মঙ্গলবার (২৫ মে) রাত ৩টার দিকে গরুটিকে গোয়াল ঘরে বাঁধা অবস্থায় দেখে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে কে বা কারা গরুটিকে চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির সন্ধান মেলেনি। চুরি যাওয়া গরুটির বয়স প্রায় ২ বছর, দাঁত ২টি এবং শিং ছোট বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনায় ওই ভ্যান চালকের স্ত্রী স্বপ্না বেগম মঙ্গলবার লোহাগড়া থানায় একটি
অভিযোগপত্র দায়ের করেছেন।
এদিকে গরুর মালিক ভ্যানচালক জিয়ার শেখ চুরি যাওয়া গরুটি বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায় নাই। তবে বুধবার (২৬ মে) সকালে ভ্যানচালক জিয়ার শেখ বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার খালপাড়ে ওই গরুটি চামড়া পান।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ষাঁড় গরুটি চুরি করে খালপাড় এলাকায় জবাই করে গরুর মাংস নিয়ে চামড়া ফেলে গেছে।
এ বিষয়ে ভ্যানচালক জিয়ার শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন ‘আমি কারও কোন ক্ষতি করি নাই। কেন মানুষ আমার ক্ষতি করলো। আমি যে গরুর চামড়াটি পেয়েছি ওই চামড়া আমার গরুর চামড়া। তিনি বলেন যখন গরুর চামড়া পেয়েছি,হয়তো দূবৃত্তরা আমার গরু জবাই করে মাংস নিয়ে চামড়া ফেলে গিয়েছে। আমি সর্বশান্ত। এ আমার অপুরনীয় ক্ষতি। যারা আমার গরুটি নিয়ে জবাই করে খেয়েছে আমি আল্লার কাছে বিচার দিলাম।
এ ব্যাপারে লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এস এম নুরমোহাম্মদ বলেন, ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে আইনের আনার জন্য লোহাগড়া পুলিশের প্রতি জোর দাবী জানাচ্ছি।
লোহাগড়া থানার এসআই বিজন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান। দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



















