বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার ২
- ০৫:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 2
বগুড়ার শিবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) রাত প্রায় ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামী মোঃ রফিকুল ইসলামের বাড়ির উত্তর ভিটার একটি কক্ষে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয় মহাস্থানগড় দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৪) এবং কুকরুল উত্তরপাড়ার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাহিদুর রহমান (৩২) কে। নাহিদুর বর্তমানে বগুড়া সদরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় বসবাস করেন।
উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ঐতিহাসিক পুরাকীর্তি সংগ্রহ করে বিদেশে, বিশেষ করে ভারতে পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।



















