‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। সংগঠনটির বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক মহিলা সংসদ সদস্য
রিনা পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
সরকার হায়দার, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম এবং পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়াসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা দেশের সাম্প্রতিক সহিংসতা, সামাজিক বিদ্বেষ ও উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে
উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, দেশে মব সন্ত্রাস বেড়ে গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলো মাজারসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।
হিজবুত তাওহীদের নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এতে দুইজন নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন সময় বাউলদের ওপর হামলা চালিয়ে গান-বাজনাকে হারাম বলে প্রচার করছে। এ ধরনের বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মশিউর রহমান বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের সব মানুষকে
সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে। এ উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সহাবস্থানের বিকল্প নেই। বিদ্বেষ ও বিভাজন পরিহার করে সবাইকে নিয়ে একটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা