বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলে আটমূল মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আতাহার সততা ফুটবল ক্লাব ও বগুড়া গোল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটমূল মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল, আটমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু, ছাইদুল ইসলাম, নূর ইসলাম, কুদ্দুস, মোস্তাক, ইমরান হোসেন, রনি মিয়া, সাব্বির ও রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলা পরিচালনা করেন হুমায়ন কবীর।
আটমূল মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা খোরশেদ আলম কাজল বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল আমাদের গ্রামবাংলার মানুষের অত্যন্ত জনপ্রিয় খেলা। তরুণদের মাঠমুখী করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি এলাকায় নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা