আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন তাঁরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে একটি পূজামণ্ডপ। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হবে দুটি বেইজ ক্যাম্প।
নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সচেতনতা ও সহযোগিতার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা