রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্য নেতা তোফা মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রতিক ঘটনাবলী ও শিবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তোফা মেম্বার বলেন, “২১শে ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জ শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলামকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা এই ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি ৪-৫ জন আসামির নাম বাদ দিতে বলেন। ওসি কীভাবে আসামির নাম কেটে দেন? কার ইশারায় তিনি এটা করেন?”
তোফা মেম্বার আরও বলেন, "আমাকে শিবগঞ্জে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি এখানেই থাকব। আমি যদি হুঙ্কার দিই, শিবগঞ্জে ভূমিকম্প হবে। তবে আমি হুঙ্কার দিতে চাই না, আমি শান্তি চাই। আমি চাই, সবাই ভালোভাবে থাকুক। কিন্তু মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা আর যেন না ঘটে। গরিব হোক বা ছোট হোক — সবার অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। এ ধরনের অন্যায় আবার হলে, আমি একশন নিতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, “শিবগঞ্জের ঘটনায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন দিয়েছিলাম। প্রথমে তিনি ফোন রিসিভ না করলেও ৪ থেকে পাঁচ ঘণ্টা পর আমাকে ফোন দেন। আমি তাকে সবকিছু খুলে বলি। তিনি আমাকে বলেন, ‘আপনি আমাদের মুরুব্বী, স্থানীয়দের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করুন।’ আমি বলেছি, ওরা কি আমার কথা শুনবে? তখন তারেক রহমান আশ্বাস দিয়েছেন, তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলবেন এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।”
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশে সময়মতো সঠিক নির্বাচন না হলে মার্শাল জারি হতে পারে। একুশে ফেব্রুয়ারির ঘটনায় আমরা মামলা দিলেও তা রুজু করা হয়নি। অথচ একটি নির্দিষ্ট দল আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যর সমন্বয়কারী মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপজেলা যুব ঐক্যর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা শিবগঞ্জের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ন্যায়বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা