সেনাবাহিনীর শৃঙ্খলাপূর্ণ কর্মজীবন, উচ্চশিক্ষা, বিশেষায়িত চিকিৎসা প্রশিক্ষণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যতিক্রমী পরিচয় গড়ে তুলেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতিসন্তান আরফানুল আলম প্রধান। একসময় দেশের সেবায় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করলেও বর্তমানে চিকিৎসাসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়ায় তোফাজ্জল প্রধান ও আছিয়া প্রধান দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আরফানুল আলম প্রধান। পামুলী (শান্তিরহাট) ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে দেবীগঞ্জ এন.এন. সরকারি উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়াশোনা করেন তিনি।
উচ্চমাধ্যমিক শেষে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন। চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা অব্যাহত রেখে এমএ, মাস্টার্স অব পাবলিক হেলথ এবং ডিপ্লোমা ইন অপটোমেট্রি (লো ভিশন) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণ ও ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভিট্রিও-রেটিনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
মানবসেবার অংশ হিসেবে দেবীগঞ্জের গালান্ডী চৌরঙ্গী বাজারের প্রধান সুপার মার্কেটে প্রতিষ্ঠা করেন ‘তোফাজ্জল আছিয়া প্রধান প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র’। এর মাধ্যমে স্থানীয় মানুষের জন্য চক্ষুসেবার সুযোগ তৈরি হয়েছে।
২০২১ সালে করোনাকালীন সংকটে বড় ভাই এ বি এম আশাদুল আলম প্রধান (লিটন)-এর সঙ্গে ‘তোফাজ্জল আছিয়া প্রধান মানবকল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বই-খাতা বিতরণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা করে আসছেন।
চিকিৎসা ও সমাজসেবার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিতেও রয়েছে তাঁর আগ্রহ। নাটকে অভিনয়, আধুনিক গান, উপন্যাস ও ইসলামি গজল রচনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দেবীগঞ্জের নদী সাংস্কৃতিক সংগঠনের ১৪তম বর্ষ ও ১০ম প্রযোজনা উপলক্ষে কবি ও লেখক হিসেবে সম্মাননা স্মারকও অর্জন করেন।
২০২২ সালে কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবনের প্রতিকূল সময় পার করেন তিনি। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও জন্মভূমি দেবীগঞ্জের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। ভবিষ্যতে মানবকল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দেবীগঞ্জের তরুণদের উদ্দেশে তাঁর আহ্বান, মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠতে পারে সুন্দর সমাজ।
সেনাবাহিনীর কর্মজীবন থেকে মানবসেবার পথচলা—আরফানুল আলম প্রধানের এই জীবনযাত্রায় ব্যক্তিগত অর্জনের পাশাপাশি উঠে এসেছে জন্মভূমির মানুষের জন্য কিছু করার প্রত্যয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা