পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি নুর আলমকে (৩৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) রাতে তাকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার নুর আলম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বাড়িতে ফিরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত নুর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় এসআরবি-১৩ নীলফামারী ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান রোববার (২২ নভেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসামিকে তেঁতুলিয়ায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা