পঞ্চগড়ের বোদা উপজেলা সদরে পশুর হাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
সপ্তাহে দুই দিন নগর কুমারী পশুর হাট বসায় কলেজের প্রধান সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনসমাগম। এতে নারী শিক্ষার্থীদের স্বাভাবিক ও নিরাপদ যাতায়াত ব্যাহত হচ্ছে।
দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা বিকল্প সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বোদা পৌরসভাধীন ঐতিহ্যবাহী নগর কুমারী পশুর হাট এবং উত্তরবঙ্গের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বোদা মহিলা মহাবিদ্যালয় একই সড়কে অবস্থিত।
ফলে প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার হাটের দিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জেলার অন্যতম বৃহত্তম পশুর হাট হওয়ায় এসব দিনে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু-ছাগল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে।
সকাল থেকেই হাটের বেচাকেনা শুরু হলে পশুবাহী ট্রাক, নসিমন-করিমন এবং মানুষের ভিড়ে কলেজের প্রধান ফটক ও সংলগ্ন সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।
এতে শিক্ষার্থীদের ভিড় ঠেলে ও পশুর চলাচলের ঝুঁকি সামলে কলেজে যাতায়াত করতে হয়।
হাটের দিনগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী শিক্ষার্থীরা। মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া, সোনিয়া, কেমি ও রঞ্জিনা জানান, বিশেষ করে বুধবারের
হাটে কলেজে আসা-যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। রাস্তার ওপর পশুর বর্জ্য ও মলমূত্র ছড়িয়ে থাকায় সেগুলো মাড়িয়েই চলাচল করতে হয়।
পাশাপাশি মানুষের ভিড় ও ধাক্কাধাক্কিতে নারী শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান তাঁরা।
হাটের ব্যবসায়ী ছালাম, বশির ও সোমে আলী জানান, হাটের দিনে অতিরিক্ত ভিড়ের কারণে পশু নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
নারী শিক্ষার্থীদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য পৌরসভা ও কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে বিকল্প পথের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি ও কাদা। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের মূল সড়কের হাটের ভিড়ের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন বলেন, মহাবিদ্যালয়ের নিজস্ব কোনো পকেট রাস্তা না থাকায় হাটের দিন শিক্ষক, কর্মচারী ও
শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের কোলাহলে শিক্ষার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। আগে তৈরি করা বিকল্প সড়কটি দ্রুত সংস্কার করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সচেতন নাগরিকদের মতে, পশুর হাট ও শিক্ষাপ্রতিষ্ঠান—দুটিই এলাকার জন্য গুরুত্বপূর্ণ। তাই কোনো একটিকে ক্ষতিগ্রস্ত না করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।
এ অবস্থায় অকেজো বিকল্প সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা অথবা নতুন একটি টেকসই বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা