পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে বন্দরে আটকে থাকা ট্রাক চলাচল শুরু হয়। একই সঙ্গে পাথর লোড-আনলোড কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর বিরোধের সাময়িক সমাধান হলে বন্দরের কার্যক্রম সচল হয়।
এর আগে বুধবার সকাল থেকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেন তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। দ্রুত দাবি মেনে নিয়ে দুই পক্ষের বিরোধ নিরসনের আহ্বান জানান তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দরে দীর্ঘদিন ধরে স্থলবন্দর শ্রমিক সংগঠনের শ্রমিকেরা পণ্য লোড-আনলোডের কাজ করে আসছেন। সম্প্রতি পাথর লোডিং পদ্ধতি ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে তিরনই অফিস লেবার
শ্রমিক সংগঠনের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের বাধা ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে এলসির মাধ্যমে আমদানি করা পাথর লোডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে আটকা পড়ে পাথরবাহী ট্রাক।
বুধবার দুপুরে বিরোধ নিরসনে আলোচনায় বসেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা
যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী সোহেল রানা মানিক প্রধানসহ দুই
শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ আলোচনা শেষে সমঝোতার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিকেল ৩টা থেকে আটকে থাকা ট্রাক চলাচল ও পাথর লোডিং কার্যক্রম শুরু হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের সংগঠনের শ্রমিকেরা বন্দরের লোড-আনলোড কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু কয়েক দিন ধরে তিরনই লেবার অফিসের লোকজন পাথরবাহী গাড়ি আটকে দিচ্ছেন। এতে লোডিং কার্যক্রম
বন্ধ হয়ে যায় এবং অনেক গাড়ি আটকা পড়ে। কর্মহীন হয়ে পড়েন শ্রমিকেরা। বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করে আসছেন। একটি পক্ষ বন্দরের কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, বাংলাবান্ধা ইউনিয়নের তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, এখানে মূলত কাজের ধরন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে লোড-আনলোডের কাজ করে আসছেন। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পেলোডার গাড়ির মাধ্যমে পাথর লোড করার কাজ শুরু হলে অন্য পক্ষের শ্রমিকেরা বাধা দেন।
তাঁদের দাবি, কুলি শ্রমিকদের কাজ ও পাথর লোডিংয়ের কাজ আলাদা। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে তাঁদের সংগঠনের অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বুধবার স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আপাতত আগের মতোই কার্যক্রম চলবে বলে জানান তিনি।
পাথর আমদানিকারক আব্দুল আল মামুন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে এলসির মাধ্যমে পাথর আমদানি করা হয়। বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও শ্রমিক সংগঠনগুলোর
বিরোধের কারণে গত পাঁচ দিন ক্রাশিং করা পাথর লোড করা সম্ভব হয়নি। ফলে আমদানি করা পাথর আটকে থাকে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু বলেন, দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।
দীর্ঘ আলোচনার পর আপাতত সমস্যার সমাধান হয়েছে। আটকে থাকা ট্রাক চলাচল শুরু করেছে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধানেও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা