পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পরিচিত দর্শনীয় স্থান খয়ের বাগান এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এ ফাঁড়িটি দ্রুত সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, খয়ের বাগান এলাকার রাস্তার সংযোগস্থলে অবস্থিত পুলিশ ফাঁড়িটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। অথচ প্রতিদিনই এ এলাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের চলাচল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, “খয়ের বাগান একটি পরিচিত দর্শনীয় স্থান। প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। অথচ এখানে থাকা পুলিশ ফাঁড়িটির এমন অবস্থা সত্যিই দুঃখজনক। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া নিয়েও শঙ্কা থাকে।”
সেলিম নামে এক যুবক বলেন“ফাঁড়িটি চালু থাকলে এলাকার মানুষের নিরাপত্তা আরও জোরদার হতো। দীর্ঘদিন ধরে এটি পড়ে থাকলেও সংস্কার বা পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না।”
স্থানীয় এক দর্শনার্থীর ভাষ্য, “পরিবার নিয়ে এখানে ঘুরতে আসি। জায়গাটি সুন্দর হলেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে একটি সচল পুলিশ ফাঁড়ি থাকলে দর্শনার্থীরা আরও স্বস্তি পেতেন।”
আরেক বাসিন্দা বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, পুলিশ ফাঁড়িটি সংস্কার করে পুনরায় চালু করা হোক। এতে স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকরাও উপকৃত হবেন।”
এলাকাবাসীর দাবি, দ্রুত ফাঁড়িটি সংস্কার করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হোক। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, পঞ্চগড়ের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা