পঞ্চগড়ের বোদায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এ বিশেষ অনুদানের মাধ্যমে উপজেলার প্রতিবন্ধী, আর্থিকভাবে অসচ্ছল পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর।
বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সহায়তা তাদের চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেবে।
তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় ও দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুদানের চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা