টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। ভোর রাতের নীরবতা ভেঙে যখন পুরো ধনবাড়ী শহর ঘুমিয়ে থাকে, ঠিক তখনই একদল মানুষ হাতে ঝাড়ু, কোদাল আর ময়লার গাড়ি নিয়ে নেমে পড়েন রাস্তায়। সবার ঘুম ভাঙার আগেই ধনবাড়ী পৌরসভার অলিগলি, প্রধান সড়ক, হাট-বাজার এবং ড্রেন পরিষ্কার করে চকচকে করে তোলেন তারা। রোদ, বৃষ্টি বা তীব্র শীত—সব প্রতিকূলতা উপেক্ষা করে ধনবাড়ী শহরকে একটি স্বাস্থ্যকর ও রোগমুক্ত পরিচ্ছন্ন শহর হিসেবে টিকিয়ে রাখার মূল কারিগর এই পরিচ্ছন্নতা কর্মীরা।
হলুদ পোশাক পরা এই মানুষগুলোর নিরলস শ্রমেই প্রতিদিন ধনবাড়ী পৌরবাসী পান এক পরিচ্ছন্ন ও সুন্দর সকাল। শুধু হাতের শ্রমই নয়, শহরের ভারী বর্জ্য ও জমে থাকা মাটি অপসারণে আধুনিক স্কেভেটর বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেও কাজ করে যাচ্ছেন তারা।
প্রতিদিন শহরের হাজারো মানুষের ফেলে দেওয়া বর্জ্য নিজ হাতে পরিষ্কার করে আমাদের পরিবেশ সুস্থ ও বাসযোগ্য রাখছেন এই পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের এই নিরবচ্ছিন্ন সেবার কারণেই ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি থেকে মুক্ত থাকছে ধনবাড়ীবাসী।
ধনবাড়ী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এমন একদল মানুষ, যাঁদের কাজের সুফল প্রতিদিন ভোগ করেন হাজারো মানুষ, অথচ তাঁদের কঠোর পরিশ্রমের কথা অনেক সময়ই আমাদের মনে থাকে না। আমরা যখন পরিচ্ছন্ন সড়কে নিশ্চিন্তে চলাচল করি, নির্মল পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নিই, তখন সেই স্বস্তির পেছনে মিশে থাকে তাঁদের নিরলস শ্রম ও আত্মত্যাগ।
স্থানীয় বাসিন্দারা জানান, "ভোর সকালে উঠে যখন পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখি, তখন মনটা ভালো হয়ে যায়। এদের কঠোর পরিশ্রম ছাড়া ধনবাড়ী শহরকে একদিনও পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। সমাজ ও পৌরসভার পক্ষ থেকে এদের উপযুক্ত মূল্যায়ন ও সামাজিক মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি।"
একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ধনবাড়ী পৌরসভা গড়ে তুলতে এই পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি সম্মান প্রদর্শন, কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং যথাযথ মানবিক ও আর্থিক মূল্যায়নই হতে পারে তাদের এই নীরব সংগ্রামের সঠিক স্বীকৃতি।
এ ক্ষেত্রে ধনবাড়ী পৌর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে তাঁদের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে তাঁদের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মেধা বিকাশে সহায়তা । যাঁরা প্রতিদিন একটি শহরের মানুষের জীবনকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক করতে কাজ করেন, তাঁদের পরিবারের জীবনেও যেন স্বস্তি, নিরাপত্তা ও সম্ভাবনার আলো পৌঁছে যায় ।
একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ধনবাড়ী গড়ে তোলার পেছনে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের কাজের প্রশংসা করাই যথেষ্ট নয়; তাঁদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ, একটি শহরের প্রকৃত উন্নয়ন শুধু পরিচ্ছন্ন রাস্তাঘাট কিংবা সুন্দর পরিবেশে সীমাবদ্ধ নয়; সেই শহরকে পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত মানুষের জীবন কতটা নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময়—তার মধ্যেও উন্নয়নের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।
ধনবাড়ী পরিচ্ছন্ন রাখার নেপথ্যের এই নীরব কর্মীদের প্রতি সম্মান হোক শুধু কথায় নয়, বাস্তব উদ্যোগে। তাঁদের জীবনেও আসুক স্বস্তি, তাঁদের সন্তানদের জন্য খুলে যাক শিক্ষার নতুন দুয়ার, আর তাঁদের পরিবারেও নিশ্চিত হোক মর্যাদাপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ। তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন হোক, তাঁদের জীবন হোক নিরাপদ ও মর্যাদাপূর্ণ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা