পঞ্চগড়ের বোদায় রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার সময় ১২০ বস্তা সার ও একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করেছে স্থানীয় জনতা ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বোদা পৌরসভার আটোয়ারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নিবন্ধিত সরকারি সার ডিলার মেসার্স নুরনবী মজুমদারের গোডাউন থেকে সারবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরটি পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার উদ্দেশে রওনা হয়। গভীর রাতে সার পরিবহনের বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা গাড়িটির পথরোধ করেন। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২০ বস্তা সার ও গাড়িটি জব্দ করে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম জানান, সরকারি সার এক এলাকা থেকে অন্য এলাকায় অবৈধভাবে পাচার করা বেআইনি। এ ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা