পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৭ নং জগন্নাথপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র জগন্নাথপুর বাজারে এক জমকালো ও প্রশংসনীয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সচেতন জনতা ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জগন্নাথপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার দূরদর্শী ভিশন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। জগন্নাথপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিবের সরাসরি উপস্থিতি ও গতিশীল তত্ত্বাবধানে এ কর্মসূচি রূপ নেয় এক বিশাল জনজাগরণে।
অভিযানকালে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে বাজারের গুরুত্বপূর্ণ গলি, ড্রেনেজ ব্যবস্থা ও হাট-বাজার এলাকা পরিচ্ছন্ন করার কাজ তদারকি করেন। সেই সাথে হাটের পরিবেশ স্বাস্থ্যকর রাখা এবং নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও ময়লা-আবর্জনা না ফেলার জন্য ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব বলেন, "জগন্নাথপুর বাজার আমাদের ইউনিয়নের হূৎপিণ্ড ও অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা শুধু সরকারের বা পরিষদের একার কাজ নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান ও মীর শাহে আলমের আহ্বানে সাড়া দিয়ে জগন্নাথপুরকে একটি মডেল ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জনস্বার্থে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, চেয়ারম্যান আব্দুল মোত্তালিবের এমন সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপে বাজারের চেহারা বদলে গেছে। সাধারণ মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্ষোভের বদলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এই নিয়মিত তদারকি ও সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে জগন্নাথপুর বাজার বগুড়া জেলার মধ্যে অন্যতম সেরা ও পরিচ্ছন্ন বাজারে পরিণত হবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা