চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ২২ বোতল এস্কাফ সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ ও একটি বাইসাইকেলসহ মো. নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজিবি জানায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে। এর আগে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান চালায়। এ সময় মো. নুর ইসলামকে আটক করা হয়। তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত একটি
বাইসাইকেলও জব্দ করা হয়।
আটক নুর ইসলাম শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে। জব্দ করা এস্কাফ, উইনসেরেক্স সিরাপ ও বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আটক ব্যক্তি, জব্দ করা মাদকদ্রব্য ও বাইসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির তথ্যমতে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে দুইজন আসামিসহ ভারতীয় ২১০ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা