মো.সাইদুল ইসলাম(মৌলভীবাজার) প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শুধুমাত্র কমলগঞ্জে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।”
প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু বলেন, “একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
সঞ্চালক নির্মল এস পলাশ বলেন, “সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনায় যদি অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তাহলে দেশে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। আমরা চাই দ্রুত বিচার সম্পন্ন হোক এবং দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে নিহত তুহিনের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিন ছিলেন দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। পেশাগত দায়িত্ব পালনের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই কঠিন হয়ে পড়বে
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা