মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
শিবগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেপ্তার ৭
সংগৃহীত ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। পুলিশ এখন পর্যন্ত ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (১১ মে) বিকেলে শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতাংশ জমি নিয়ে মাসুদের সঙ্গে প্রতিবেশী মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রোববার বিকেলে উভয়পক্ষ আমিন ডেকে জমির মাপঝোঁক ও সালিশি বৈঠক করে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর বিকেল ৪টার দিকে মতিয়ার ও তার লোকজন মাসুদ, তার মা, বোন ও এক চাচাতো ভাইকে মারধর করে। গুরুতর আহত মাসুদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মতিয়ার, ইয়াকুব ও তাদের স্বজনদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাড়িগুলো হেফাজতে নেয়।
মাসুদের স্ত্রী মাকসুদা বেগম অভিযোগ করেন, “আমাদের কিছু আম গাছ ও জমি জোরপূর্বক দখল করে প্রাচীর দিতে চেয়েছিল তারা। আমরা বাধা দিলে তারা লাঠি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় মাসুদের আত্মীয় ইসমত আরা খাতুন বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, এর আগেও জমি বিরোধ নিয়ে ২৬ এপ্রিল মোকামতলা মডেল ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন ইসমত আরা, যেখানে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতির অভিযোগ তুলেছিলেন।
পুলিশ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা