
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন। নড়াইলের দু’টি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে পোস্টালসহ ১১২টি কেন্দ্রে ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার। বাতিল হয়েছে ৩ হাজার ৬৩৭ টি ভোট। ভোটের শতকরা হার ৬৪ দশমিক ১৭ ভাগ।
এদিকে, নড়াইল-১ আসনে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ পেয়েছেন-৬ হাজার ৩৫২ ভোট (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী বি এম নাগিব হোসেন এক হাজার ১১৩ ভোট (কলস), এস এম সাজ্জাদ হোসেন ৮৯৮ ভোট (ফুটবল), সুকেশ সাহা আনন্দ ৮৬৪ ভোট (ঘোড়া), জাতীয় পার্টির প্রার্থী মিল্টন মোল্যা ৪৬১ ভোট (লাঙ্গল) এবং উজ্জল মোল্যা ২৩০ ভোট (স্বতন্ত্র-হরিণ)।
নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। পোস্টালসহ ১৪৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন। বাতিল হয়েছে-৪ হাজার ৫২৪ ভোট। ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৬৫ ভাগ।
নড়াইল-২ আসনে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম পেয়েছেন-৪ হাজার ৭২৯ ভোট (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ৬৮৮ ভোট (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী নূর ইসলাম ৩৩৯ ভোট (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ২২০ ভোট (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ২১৯ ভোট (জাহাজ)


